নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক এবং ‘সাইনি রিসোর্ট’-এর মালিক শৈক্যচিং মার্মাকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তাঁর নিজ মালিকানাধীন রিসোর্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিয়ের লোভ ও প্রতিশ্রুতি দেখিয়ে তাঁকে ওই রিসোর্টে নিয়ে যেতেন শৈক্যচিং মার্মা। শুক্রবারও একইভাবে তরুণীকে সাইনি রিসোর্টে এনে নির্যাতন চালানো হয়। ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে ভুক্তভোগীর কান্নাকাটি ও চিৎকার শুনতে পেয়ে পাশের শিশু পার্কে থাকা দর্শনার্থী এবং স্থানীয় পথচারীরা সেখানে সমবেত হন। পরবর্তীতে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের অবহিত করলে পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে আটক করে।
এদিকে, গ্রেফতারকৃত আসামির মালিকানাধীন রিসোর্টটিকে ঘিরে স্থানীয়দের মাঝে নানা ক্ষোভ ও অভিযোগের সৃষ্টি হয়েছে। নুরুল আলম নামের এক স্থানীয় অধিবাসী অভিযোগ করেন, পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে এবং কোনো বৈধ অনুমোদন ছাড়াই রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছিল। সেখানে দীর্ঘদিন ধরেই নানা অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে শৈক্যচিং মার্মার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
