ফোরটিন ডেস্ক : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত ও প্রতিরোধের কর্মসূচি ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কুইন্সের প্রবাসীবহুল জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে এ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।
বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। একই সময়ে নিকটবর্তী স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘যেখানে তারেক—সেখানেই প্রতিরোধ’ স্লোগানে পাল্টা বিক্ষোভ শুরু করলে উভয় পক্ষের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে দুই পক্ষের বাকবিতণ্ডা গালিগালাজ ও হাতাহাতিতে রূপ নেয়। ধাক্কাধাক্কির মধ্যে তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এতে ডাইভারসিটি প্লাজা ও আশপাশের সড়কে যানবাহন চলাচল থমকে যায় এবং সাধারণ পথচারীরা আতঙ্কে নিরাপদ দূরত্বে সরে যান।
খবর পেয়ে মার্কিন টহল ও দাঙ্গা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যাটন ও অতিরিক্ত বল প্রয়োগ করে উভয় দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবতরণকে কেন্দ্র করে আবারও উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ার প্রস্তুতি নিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেএফকে বিমানবন্দর ও হোটেল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।
সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে উভয় দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগের আগ পর্যন্ত পুরো সফরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে
