ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর বার্ষিক সেরা ৫০টি রেস্তোরাঁর মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছে নিউজার্সির একটি বাংলাদেশি রেস্তোরাঁ ‘কড়াই কিচেন’।
খাঁটি বাংলাদেশি ঘরানার স্বাদে আমেরিকানদের মন জয় করা এই প্রতিষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছেন প্রবাসী মা নূর-ই গুলশান রহমান এবং তাঁর মেয়ে নূর-ই ফারহানা রহমান।
জার্সি সিটিতে হাডসন কাউন্টির এই জনপ্রিয় রেস্তোরাঁটি ২০১৮ সালে বুফে সার্ভিস দিয়ে যাত্রা শুরু করে। সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোতে টেকআউট ও ডেলিভারি মিললেও শুক্র ও শনিবারের রাতগুলোতে বসে খাবার খাওয়ার জন্য আয়োজন করা হয় ‘আম্মাস দাওয়াত’ নামক আট পদের একটি বিশেষ তাত্ত্বিক ভোজের। গতানুগতিক ভারতীয় ভাবধারা এড়িয়ে রেস্তোরাঁটির নিজস্ব স্লোগান ‘নো চিকেন টিকিট মাসালা’।
কাঁচা মরিচ, সরিষার তেল এবং পারফেক্ট ঝরঝরে ভাতের চালের উপাদানে তৈরি নিজস্ব রন্ধনশৈলীই কড়াই কিচেনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনন্য পরিচিতি দিয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে কড়াই কিচেনের প্রশংসায় বলা হয়, এখানকার খাবার খেলে যেমন পেট ভরে, তেমনি হৃদয়ও তৃপ্ত হয়। উল্লেখ্য, এটিই প্রথম নয়; গত বছর স্থানীয় সংবাদমাধ্যম এনজে ডটকমের করা নিউজার্সির সেরা ৯৯ রেস্তোরাঁর তালিকায়ও শীর্ষস্থান দখল করেছিল মা-মেয়ের এই কড়াই কিচেন। চলতি বছরের তালিকায় যুক্তরাষ্ট্রের শিকাগোর ‘ক্রিপিস’ এবং ফিলাডেলফিয়ার ‘বোম বোম’ রেস্তোরাঁর সঙ্গে যৌথভাবে মর্যাদাপূর্ণ এই সম্মাননা অর্জন করল কড়াই কিচেন।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস ও এনজে ডটকম
