নিজস্ব প্রতিনিধি: রাজধানীর শেওড়াপাড়ায় প্রধান সড়কের পাশে অবস্থিত সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা চালকদের চরম ভোগান্তি ও হতাশার চিত্র দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাসের কাঙ্ক্ষিত প্রেসার না থাকায় চাহিদামতো গ্যাস পাচ্ছেন না অটোরিকশাচালকরা।
গতকাল বুধবার বিকেলে কাফরুল থানার শেওড়াপাড়ার সিএনজি স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের একপাশ দখল করে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।
সোয়া ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করার পরও পাম্পে গ্যাসের মারাত্মক প্রেসার সংকট থাকায় চালকরা মাত্র ২৯ টাকা, ৫৩ টাকা কিংবা ৮১ টাকার গ্যাস পাচ্ছেন। যেখানে সাধারণ সময়ে ৩০০ থেকে ৪০০ টাকার গ্যাস নিয়ে চালকেরা নিশ্চিন্তে সারাদিন গাড়ি চালাতে পারেন, সেখানে সামান্য টাকার গ্যাস পাওয়ায় গ্যারেজে গাড়ি জমা দিয়ে খালি হাতে বাসায় ফিরতে বাধ্য হচ্ছেন তাঁরা।
চালকদের একজন সানাউল্লাহ দীর্ঘ দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ২৯ টাকার গ্যাস পেয়ে মাথায় হাত দিয়েছেন। তিনি জানান, রাতে মালিকের জমা পরিশোধ করে যে বাসায় বাজার নিয়ে যাবেন, সেই উপায় আর রইল না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অটোরিকশাচালক রফিকুল ইসলামও সোয়া ঘণ্টা দাঁড়িয়ে মাত্র ৫৩ টাকার গ্যাস পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, যার ওপর নির্ভর করছে দুই সন্তানের পড়াশোনা ও চার সদস্যের সংসার।
সিএনজি স্টেশনে প্রেসার না থাকার কারণে ঢাকা শহরে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন অপর চালক মনিরুল ইসলাম।
ভুক্তভোগী চালকদের দাবি, দীর্ঘ অপেক্ষার পর চাহিদামতো গ্যাস না পাওয়ায় তাঁদের সারাদিনের আয় বন্ধ হয়ে যাচ্ছে। এই তীব্র গ্যাস ও প্রেসার সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান চান অটোরিকশাচালকরা।
