ফোরটিন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে নিজ বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার স্বীকৃতি হিসেবে পাওয়া ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী এ আর তাহসীন জাহান। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদে ছিলেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করেন তাহসীন। তিনি জানান, চার বছরের স্নাতকজীবনে অসংখ্য নির্ঘুম রাত ও কঠোর পরিশ্রমের পর এই পুরস্কার অর্জনের অপেক্ষায় ছিলেন। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে শেষ পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত পুরস্কারটি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
তাহসীনের দাবি, ২০২৪ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি মবের আক্রমণের শিকার হন। কোনো ধরনের সহিংসতার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয়ে হুমকির মুখে পড়েন বলে জানান তিনি। এমনকি ফাইনাল ভাইভায় অংশ নেওয়া এবং স্নাতক থিসিস জমা দেওয়ার ক্ষেত্রেও তাকে বাধার মুখে পড়তে হয়েছিল বলে দাবি করেন তাহসীন।
শারীরিক নিরাপত্তার কারণে ক্যাম্পাসে ফিরতে না পারলেও কয়েকজন শিক্ষক তার শিক্ষার অধিকারের পক্ষে অবস্থান নেন বলে জানান তিনি। তাদের সহযোগিতায় নিরাপদ স্থান থেকে অনলাইনে ফাইনাল ভাইভায় অংশ নিয়ে স্নাতক সম্পন্ন করেন তাহসীন।
নিজের পোস্টে তিনি তাকে সহযোগিতা করা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই একাডেমিক অর্জনের পেছনে তাদের অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পরিচয়ের কারণে তার মতো আরও বহু শিক্ষার্থী স্বাভাবিকভাবে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারছেন না বলেও দাবি করেন তাহসীন। সরকার পতনের পর যদি সত্যিই গণতন্ত্র পুনরুদ্ধার হয়ে থাকে, তাহলে এসব শিক্ষার্থী এখনও কেন নিজেদের ক্লাসরুমে ফিরতে পারছেন না, এমন প্রশ্নও তোলেন তিনি।
ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের সিদ্ধান্ত কোনো পুরস্কারকে ছোট করার চেষ্টা নয় বলেও উল্লেখ করেন তাহসীন। বরং রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার অধিকার হারানো সহপাঠীদের প্রতি সংহতি জানাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
নিজের বক্তব্যের শেষাংশে তাহসীন বলেন, ‘ন্যায়বিচার যদি সবার জন্য না হয়, তবে সেটি ন্যায়বিচার নয়।’ পাশাপাশি অন্যায়ের পরিবর্তে আরেকটি অন্যায়কে বিকল্প হিসেবে গ্রহণ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এ আর তাহসীন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের একজন শিক্ষার্থী ছিলেন। একাডেমিক ইয়ার ২০২৩-এর শিক্ষার্থী হিসেবে তিনি নিজ বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হন।
