ফোরটিন ডেস্ক: কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের সারে (Surrey) শহরে গরুর মাংসের বারবিকিউ করাকে কেন্দ্র করে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার বিরোধের জেরে রাজ টিওয়ানা নামে এক ভারতীয় নারী বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভাড়াটিয়ার একাধিক ভিডিওতে দেখা যায়, বাড়ির বাগানে এক বন্ধুর সঙ্গে বারবিকিউতে গরুর মাংস রান্না করার সময় এতে আপত্তি জানান বাড়ির মালিক রাজ টিওয়ানা। তাঁর দাবি ছিল, গ্রিল ব্যবহারের কারণে বাড়ির দেয়ালের ক্ষতি হচ্ছে। পরবর্তীতে ভিডিওতে রাজ টিওয়ানাকে জোরপূর্বক গ্রিল থেকে খাবার সরিয়ে নিতে এবং একপর্যায়ে ভাড়াটিয়ার ইউনিটে অনুমতি ছাড়া প্রবেশ করে তালা পরিবর্তন ও শারীরিকভাবে হেনস্তা করতে দেখা যায়।
পরবর্তীতে ‘টিওয়ানা ফার্ম সারভাইভার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নির্যাতনের এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রাজ টিওয়ানাকে আটক করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে গরুর মাংস খাওয়া, ধর্মীয় বিশ্বাস কিংবা বর্ণবাদী বিরোধ হিসেবে ব্যাপকভাবে প্রচার করা হলেও সারে পুলিশ সার্ভিস (Surrey Police Service) এই ব্যাখ্যা পুরোপুরি নাকচ করে দিয়েছে। পুলিশের মিডিয়া রিলেশনস কর্মকর্তা ইয়ান ম্যাকডোনাল্ড জানান, এটি মূলত বাড়ির মালিক ও ভাড়াটিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের জের। এই গ্রেপ্তারের সঙ্গে গরুর মাংস, ধর্ম কিংবা রাজনৈতিক মতাদর্শের কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ।
