ফোরটিন ডেস্ক : সমুদ্রপথে বিশ্বভ্রমণের নতুন ইতিহাস সৃষ্টি করে ইতালির রোম থেকে যাত্রা শুরু করেছে বিশ্বের দীর্ঘতম ক্রুজ ‘রেগাট্টা’। নরওয়েজিয়ান ক্রুজ লাইন হোল্ডিংস এবং অস্ট্রেলিয়ান ট্রাভেল কোম্পানি ‘মাই ক্রুজেস’-এর যৌথ উদ্যোগে ‘এক্সপ্লোরেশনস বাই নরওয়েজিয়ান’-এর অধীনে শুরু হয়েছে এই দীর্ঘ সমুদ্রযাত্রা।
গত ১ সেপ্টেম্বর বিলাসবহুল এই জাহাজটি ঐতিহাসিক যাত্রা শুরু করে। এক বছরেরও বেশি সময় ধরে চলা এই ভ্রমণে ‘রেগাট্টা’ ৬টি মহাদেশের অন্তত ৬২টি দেশের ২২০টিরও বেশি বন্দরে নোঙর করবে।
পুরো ৩৭১ দিনের যাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি যাত্রীদের জন্য অপেক্ষাকৃত ছোট প্যাকেজও রাখা হয়েছে। চাইলে মাত্র আট দিনের প্যাকেজ বুক করে এই বিলাসবহুল সমুদ্রভ্রমণের অংশ হওয়া যাবে।
‘রেগাট্টা’য় যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য রয়েছে ৩৪৮টি স্যুট ও স্টেট-রুম। এছাড়া যাত্রীদের বিনোদন ও অবকাশযাপনের জন্য জাহাজটিতে রয়েছে সুইমিংপুল, লাউঞ্জ, অন-বোর্ড স্পা, সেলুন এবং লাইব্রেরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।
মাই ক্রুজেসের তথ্যমতে, ৩৭১ দিনের পুরো যাত্রার টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৪৫০ মার্কিন ডলার। প্যাকেজ ও সুবিধাভেদে এই মূল্য সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৪১০ ডলার পর্যন্ত হতে পারে।
এর আগে রয়্যাল ক্যারিবিয়ানের ‘আলটিমেট ওয়ার্ল্ড ক্রুজ’ ২৭৪ দিনের যাত্রার মাধ্যমে বিশ্বের দীর্ঘতম ক্রুজের রেকর্ড ধরে রেখেছিল। তবে ৩৭১ দিনের ‘রেগাট্টা’র এই যাত্রা সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
কোম্পানিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বোধনী যাত্রার বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে। বিলাসবহুল জাহাজ, দীর্ঘ সমুদ্রযাত্রা এবং বিশ্বের বিভিন্ন গন্তব্যের দৃশ্য ভ্রমণপিপাসুদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এদিকে ২০২৭ সালের ৩৬৭ দিনের যাত্রার জন্যও ইতিমধ্যে বুকিং শুরু হয়েছে। সমুদ্রপথে দীর্ঘ সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশ ও গন্তব্য ঘুরে দেখার সুযোগ তৈরি করায় ‘রেগাট্টা’র এই যাত্রা বিলাসবহুল ক্রুজ ভ্রমণের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
