নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে নিউ ইয়র্কে শেষ হলো ফেডারেশন অব বাংলাদেশী অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর তিন দিনব্যাপী বর্ণাঢ্য সম্মেলন।
উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই আয়োজন ঘিরে নিউ ইয়র্কে তৈরি হয় উৎসবের আমেজ। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তিন দিনের আয়োজনে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা, নৃত্য, শিল্পীদের পরিবেশনা এবং কমিউনিটির বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনের বিভিন্ন পর্বে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা ও উত্তর আমেরিকায় বসবাসরত জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আয়োজকরা বলেন, ফোবানা শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রতিবছর বিভিন্ন শহরে এ সম্মেলনের আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।
সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ ও উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটির মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এদিকে, ফোবানার বার্ষিক সাধারণ সভায় ২০২৭ সালের ৪১তম ফোবানা সম্মেলনের স্বাগতিক শহর হিসেবে ওয়াশিংটন ডিসির নাম ঘোষণা করা হয়েছে। স্বাগতিক হওয়ার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেনসেলভেনিয়া, ফ্লোরিডা ঢাকা ক্লাব এবং হেরিটেজ ফাউন্ডেশন ওয়াশিংটন ডিসি আগ্রহ প্রকাশ করলেও সর্বসম্মতিক্রমে ওয়াশিংটন ডিসিকে হোস্ট সিটির দায়িত্ব দেওয়া হয়।
সভায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ফোবানার নতুন কেন্দ্রীয় কমিটিও নির্বাচিত হয়। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকারিয়া চৌধুরী। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল আমিন বাবু ও শফিকুল আলম। এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দেওয়ান মনিরুজ্জামান। জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছেন সুব্রত তালুকদার ও মাহমুদুল হাসান এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন সাজ্জাদুল হাসান। এদিন ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
তিন দিনের বর্ণাঢ্য আয়োজন শেষে আয়োজকরা অংশগ্রহণকারী সংগঠন, শিল্পী, অতিথি, স্বেচ্ছাসেবক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান। উৎসবমুখর পরিবেশে সমাপ্তি ঘটে এবারের ফোবানা সম্মেলনের। একই সঙ্গে আগামী বছর ওয়াশিংটন ডিসিতে আরও বড় পরিসরে ৪১তম ফোবানা সম্মেলনের প্রত্যাশা নিয়ে পর্দা নামে নিউ ইয়র্কের এবারের আয়োজনের।
