ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে আমেরিকার ইতিহাসের সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে দাবি করে একটি বিতর্কিত তালিকা প্রকাশ করেছেন। নিজের তৈরি সেই তালিকায় তিনি দেশের জাতির পিতা জর্জ ওয়াশিংটন ও মহীয়ান নেতা আব্রাহাম লিংকনকেও পেছনে ফেলে ১ নম্বর স্থান দখল করেছেন। তবে রাষ্ট্রবিজ্ঞানী ও আন্তর্জাতিক ইতিহাসবিদদের আনুষ্ঠানিক মূল্যায়নে ট্রাম্পকে আমেরিকার ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ও ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি সিএনএনের এক জনমত জরিপে দেখা যায় ৫৩ শতাংশ রিপাবলিকান সমর্থক ট্রাম্পকে সেরা প্রেসিডেন্ট মনে করেন। এর ওপর ভিত্তি করেই বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে ১৯৪৮ সালের ‘লাইফ ম্যাগাজিন’-এর একটি পুরোনো তালিকা বিকৃত করে নিজের নাম শীর্ষে বসিয়ে প্রকাশ করেন। এতে রোনাল্ড রিগ্যান ও বুশ পরিবারের মতো জনপ্রিয় রিপাবলিকান নেতাদের নাম পুরোপুরি বাদ দেওয়া হয়, যা নিয়ে সুশীল সমাজে হাস্যাস্পদ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জর্জটাউন বিশ্ববিদালয়ের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মাইকেল বেইলি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানান, ট্রাম্পের মেয়াদকালে যে নজিরবিহীন দুর্নীতি, প্রতিষ্ঠানের অবক্ষয় ও আন্তর্জাতিক ভাবমূর্তি বিনষ্ট হয়েছে, তা মার্কিন ইতিহাসে বিরল। এর আগে ২০২৪ সালের ঐতিহাসিক জরিপটিতেও ট্রাম্পকে ৪৫ জন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে সর্বনিম্ন ৪৫তম স্থানে রাখা হয়েছিল। হোয়াইট হাউসে ইতিহাস বিকৃতির নানা চেষ্টা চালানো সত্ত্বেও ইতিহাসবিদ ও বিশ্লেষকদের মূল্যায়নে ট্রাম্পের অবস্থান যে তলানিতেই রয়ে গেছে, এ ঘটনা তা আবারও প্রমাণ করল।
