নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি আরিফ হোসেনের বসতবাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে বসতঘরসহ ঘরের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, সোফা, খাট, আলমিরা, গচ্ছিত নগদ টাকা ও প্রয়োজনীয় সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভানুয়াই গ্রামের নাদু কেরানীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। আরিফ হোসেনের বাবা মো. শাহজাহান, মা আমেনা বেগম ও ছোট ভাই পাশের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। স্বজনদের অভিযোগ, ঘর খালি থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়ে আরিফ হোসেন অভিযোগ করেন, তিনি বাড়িতে থাকেন না, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়ার জের ধরে প্রতিপক্ষ ও দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে আগুন দিয়েছে। আরিফ হোসেনের বাবা মো. শাহজাহান অগ্নিকাণ্ডের ঘটনায় সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানের পর জানা যাবে।
