ফোরটিন ডেস্ক : অভ্যুত্থানের পর চরম বিপর্যয়ে পড়া সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করতে পারে বলে গুঞ্জন জোরালো হচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরে গঠিত তিন বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষ পর্যায়ে পৌঁছানোর পর এবার নতুন নেতৃত্ব আনার প্রক্রিয়া চলছে। দলের প্রধান কার্যালয় ও শীর্ষ নেতৃত্ব আত্মগোপনে থাকলেও নতুন কমিটিতে শেখ হাসিনাই সভাপতি পদে বহাল থাকছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন এ কমিটিতে কূটনৈতিক ও নীতিনির্ধারণী পদে বিশেষ গুরুত্ব পাচ্ছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তবে সবচেয়ে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে সাধারণ সম্পাদক পদে। বিদেশে পালিয়ে থাকা নেতাদের বাদ দিয়ে দেশের ভেতরে থেকে নির্যাতন ও কারাবরণ সহ্য করা নেতাদের মধ্য থেকেই কাউকে এই পদে বসানোর ইঙ্গিত পাওয়া গেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ডা. দীপু মনি, শাজাহান খান, সাবের হোসেন চৌধুরী ও ড. শিরীন শারমিন চৌধুরীর নাম শীর্ষ তালিকায় রয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা বিদেশে অবস্থানরত ও আত্মগোপনে থাকা নেতাদের সেপ্টেম্বরের আগেই প্রকাশ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। অন্যথায় দেশে থাকা চার নেতার মধ্য থেকেই একজনকে চূড়ান্ত করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এই কড়া বার্তার পরই দীর্ঘদিনের নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের সরব হতে দেখা যাচ্ছে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পদ হারানোর তীব্র ভয় ও নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার্থেই শেষ মুহূর্তে এসে এভাবে আত্মপক্ষ সমর্থনে জোর দিচ্ছেন তিনি।
