ফোরটিন ডেস্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নিউইয়র্ক সিটিসহ বিশ্বজুড়ে বসবাসকারী সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। গতকাল বুধবার (২৬ আগস্ট, ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই শুভকামনা জানান। বার্তায় তিনি লেখেন, ‘মাওলিদ আল-নবী মোবারক’।
প্রকাশিত বার্তায় মেয়র জোহরান মামদানি শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন এবং তাঁর দীর্ঘস্থায়ী কালজয়ী আদর্শের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, মহানবীর অতুলনীয় দয়া, দানশীলতা, ন্যায়বিচার, দৃঢ় বিশ্বাস ও মানবসেবার মহান শিক্ষা দীর্ঘ ১ হাজার ৪০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে আসছে।
নিউইয়র্ক সিটির সর্বজনীন আবহ তুলে ধরে মামদানি বলেন, মহানবী (সা.)-এর অনুপম আদর্শ বিশ্ববাসীকে একে অপরের যত্ন নেওয়া, ভিন্নতাকে সানন্দে গ্রহণ করা এবং পারস্পরিক সেবা নিশ্চিত করার কথা মনে করিয়ে দেয়। এই মানবিক মূল্যবোধগুলোই মূলত সবার জন্য আরও নিরাপদ, উন্নত ও মানবিক নিউইয়র্ক সিটি গড়ে তুলতে জনগণকে শক্তি জোগায়।
বার্তার শেষভাগে নিউইয়র্ক সিটির মেয়র ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মিলাদুন্নবী পালনকারী বিশ্বের সকল মুসলিমদের জন্য সার্বিক আনন্দ, সুখ, শান্তি ও বরকতময় জীবন কামনা করেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে মুসলিমরা মহানবী (সা.)-এর জন্ম ও শিক্ষাকে স্মরণ করে প্রতিবছর অত্যন্ত গুরুত্বের সঙ্গে পবিত্র এই দিনটি উদযাপিত করেন।
