ফোরটিন ডেস্ক : দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গতি আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে (আশিক চৌধুরী) প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট, ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত ও প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য সব সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি অধীন পরিচালিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, বিনিয়োগের পরিবেশ সহজীকরণ এবং বিভিন্ন সরকারি সেবা ও উদ্যোগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় সাধনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, চেয়ারম্যানের দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনা এবং দেশের সার্বিক বিনিয়োগ সহজীকরণ ও উন্নয়নে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সংস্থাগত ভূমিকা শক্তিশালী করার উদ্দেশ্যেই আশিক চৌধুরীকে এই উচ্চ পদমর্যাদা দেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে বিদেশি বিনিয়োগ টানতে এবং অর্থনৈতিক সংস্কার তরান্বিত করতে সংস্থাটি আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা।
