ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সী কনিষ্ঠ সন্তান ব্যারন ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভয়াবহ ও উসকানিমূলক ভিডিও প্রচার করা হয়েছে। তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল থ্রি’-তে প্রচারিত এই হুমকিমূলক ভিডিওতে দাবি করা হয়েছে, ব্যারনের সব গতিবিধি সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে এবং তাকে হত্যার জন্য ১ কোটি ডলার (প্রায় ১২০ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ মিডিয়ার তৈরি ‘ব্যারন ট্রাম্পকে কোথায় ও কীভাবে হত্যা করা হবে?’ শীর্ষক ভিডিওটিতে নানা অবাস্তব ও উসকানিমূলক দাবি তোলা হয়। সেখানে ব্যারনের বিশ্ববিদ্যালয়, সিক্রেট সার্ভিসের গাড়িবহর এবং সিকিউরিটি কোড ভেদ করে এক তরুণীর নাকি তাঁর সাথে দেখা করার দাবি করা হয়েছে! এমনকি ব্যারন ব্যক্তিগত যোগাযোগের জন্য ‘এক্সবক্স’ গেইমিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন বলেও ভিডিওতে দাবি করা হয়। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরোনিউজ জানিয়েছে, এসব দাবির কোনো স্বাধীন ও নিরপেক্ষ প্রমাণ মেলেনি।
বর্তমানে নিউইয়র্কে অধ্যয়নরত ব্যারন ট্রাম্প সাধারণত মিডিয়া ও সামাজিক কোলাহল থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন। এর আগে গত জুলাই মাসে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়েও একই ধরনের একটি হুমকিমূলক ভিডিও তৈরি করেছিল ইরানভিত্তিক মিডিয়া। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনাটি তারা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ট্রাম্প পরিবারের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তেহরানের ওপর ট্রাম্প প্রশাসনের চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুশিয়ারির জবাবে রাষ্ট্রীয় টিভিকে ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্টের সন্তানকে এমন জঘন্য টার্গেট করার ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত এখন তীব্র রূপ নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও স্পষ্ট জানিয়েছেন, তাঁর বা তাঁর পরিবারের ওপর ইরানের যেকোনো হামলার কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে।
