ফোরটিন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ট্রেন্ড অনুকরণ করতে গিয়ে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বড় বিপাকে পড়েছেন এক তরুণ। নিজের গাড়িজুড়ে প্রায় ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুম্বনের ছাপ দেওয়ার পর ছবিটি মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আর তা দেখেই নড়েচড়ে বসে ট্রাফিক পুলিশ।
গাড়িটির মালিক আদিত্য সিকারওয়ার। অনলাইনে দেখা একটি ট্রেন্ড থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর প্রেমিকা গাড়িটিতে একের পর এক লিপস্টিকের ছাপ বসান। হাজার হাজার চুমুর দাগ ফুটিয়ে তুলতে সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা। কিন্তু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ধরে আদিত্যকে চিহ্নিত করে পুলিশ।
পরে পুলিশ গাড়িটি জব্দ করে আদিত্যকে জিজ্ঞাসাবাদ করে এবং ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা আদায় করে। পুলিশের কড়া নির্দেশ পাওয়ার পর গাড়ি থেকে সব লিপস্টিকের দাগ ঘষে তুলে একদম পরিষ্কার করতে বাধ্য হন ওই তরুণ। নিজের ভুলও স্বীকার করে নিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমের যেকোনো ট্রেন্ড হুট করে অন্ধের মতো অনুসরণের আগে দেশের আইন ও নিয়মগুলো যে মাথায় রাখা দরকার, এই ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
