ফোরটিন ডেস্ক : পূর্ব লন্ডনের বুকে দীর্ঘদিনের পরিচিত এক মদের বার (পাব) ও আড্ডার কেন্দ্রকে দৃষ্টিনন্দন মসজিদ এবং মুসলিম কমিউনিটি সেন্টারে রূপান্তর করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জিয়া বিন রাসেল। আনুমানিক ৪.৫ মিলিয়ন পাউন্ড বাজারমূল্যের এই বিশাল ভবনটিতে এখন আর মদের বোতলের ঝনঝনানি বা মাতলামি নেই, বরং ভেসে আসে মধুর আজান ও পবিত্র কুরআন তিলাওয়াতের সুর।
জিয়া বিন রাসেলের একক ও সমন্বিত অর্থায়নে গড়ে ওঠা এই ইসলামিক সেন্টারে নিয়মিত জামাতে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি দেশে-বিদেশে মানবিক ও দাতব্য কার্যক্রমেও হাত বাড়িয়েছেন এই প্রবাসী। বাংলাদেশের সরকার নিবন্ধিত ও অরাজনৈতিক মানবসেবামূলক সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’-এর সাথে যৌথভাবে বিভিন্ন প্রজেক্টে যুক্ত রয়েছেন তিনি।
সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করতে চালু করা হয়েছে ‘হাফেজ্জী স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’। এর আওতায় প্রতিবন্ধী পরিবারকে আর্থিক সহায়তা, হুইলচেয়ার ও থেরাপি সাপোর্টের পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এমনকি সম্প্রতি ২০২৬ সালের জুলাইয়ে বহু পরিবারকে সেলাই মেশিন ও দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
কেবল দেশেই নয়, আন্তর্জাতিক স্তরে যুদ্ধবিধ্বস্ত গাজা ও সুদানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার কাজেও সংস্থাটি সক্রিয়। বিদেশের মাটিতে সুদের বা মদের ব্যবসাকে সরিয়ে আল্লাহর ঘর নির্মাণ এবং একই সাথে বিশ্বজুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জিয়া বিন রাসেলের এই মহতি উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।
