নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার সাভারে সুরেশ্বরী পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে আগামী ২৬-২৭ আগস্ট অনুষ্ঠিতব্য ১৯ বছরের ঐতিহ্যবাহী ওরস শরীফ বন্ধের চক্রান্ত শুরু করেছে স্থানীয় মৌলবাদী ও উগ্রপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো। ওরসে কথিত ‘ইসলামবিদ্বেষী বক্তব্য’ দেওয়ার অলীক অভিযোগ তুলে উপজেলা প্রশাসন ও সাভার মডেল থানায় স্মারকলিপি দিয়ে চরম উত্তেজনা সৃষ্টি করেছে তারা।
গত রবিবার (২৩ আগস্ট) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় মৌলবাদীদের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়। এতে দেখা যায়, মৌলবাদী ও উগ্রপন্থীদের এই জোটের পেছনে রয়েছে মূলধারার ডানপন্থী দলগুলো। ১০ জন স্বাক্ষরকারীর মধ্যে উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলাম, ধর্মান্ধ বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলামের নেতার পাশাপাশি বিএনপি, যুবদল এবং জামায়াতে ইসলামীর কর্মী ও নেতারা সরাসরি যুক্ত থেকে এই ওরস বন্ধের নেতৃত্ব দিচ্ছেন।
ভুক্তভোগী কাজী জাবের আল-জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরও এই মৌলবাদী চক্র তাঁর বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল। এবারও সীমানার ভেতরে ঘরোয়াভাবে বাবার ওফাত বার্ষিকী পালনের আয়োজন করা হলে সেখানে পুনরায় হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার চালিয়ে সূফী অনুসারীদের ওপর চড়াও হওয়ার এই ছকের বিরুদ্ধে তিনি ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে ওরস বন্ধ ও অনৈসলামিক কার্যকলাপের অজুহাত দেখিয়ে খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হাক্কানী এবং হেফাজত নেতা আলী আজমসহ বিএনপি-জামায়াতের নেতারা হুমকিধমকি অব্যাহত রেখেছেন। এর আগেও উগ্র মৌলবাদীরা সাভারের চাকুলিয়া এলাকার এই সুফি মাজারে তাণ্ডব চালিয়েছিল। স্থানীয় সচেতন মহলের মতে, বিএনপি-জামায়াত ও উগ্র ধর্মভিত্তিক দলগুলো জোটবদ্ধ হয়ে দেশের হাজার বছরের পীর-বাউল ও সূফী সংস্কৃতি বিনষ্ট করতে একের পর এক মাজার ও ওরসে হামলা ও নিষেধাজ্ঞা দেওয়ার এই নোংরা উন্মাদনায় মেতে উঠেছে।
