ফোরটিন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের উদ্দেশ্যে উসকানিমূলক প্রশ্ন ও বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন জ্যেষ্ঠ সাংবাদিক—শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার (২৪ আগস্ট, ২০২৬) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এ মামলার বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি ট্রাইব্যুনালকে জানান, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অভিযুক্ত সাংবাদিকরা আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেন। যার ধারাবাহিকতায় শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা ও নাতিপুতি’ বলে অভিহিত করেন এবং পরবর্তীতে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হওয়ার পথ সুগম হয়।
এর আগে গত ১৭ আগস্ট ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশন পক্ষ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর জন্য দুই মাসের সময় আবেদন করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
