ফোরটিন ডেস্ক : আমেরিকার অন্যতম ব্যয়বহুল শহর নিউইয়র্কে সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে অভূতপূর্ব এক উদ্যোগ গ্রহণ করেছেন মেয়র জোহরান মামদানি। শহরের প্রধান পাঁচটি বরোতে সরকারি পৃষ্ঠপোষকতায় মোট পাঁচটি সর্বাধুনিক মুদি দোকান (গ্রোসারি শপ) চালুর পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। এসব দোকানে বাজারে প্রচলিত খুচরা মূল্যের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও তাজা শাকসবজি বিক্রি করা হবে।
মোট ৭ কোটি ডলার বাজেটের এই মেগা প্রকল্পের আওতায় বরোগুলোতে অভিজ্ঞ মুদি ব্যবসায়ীদের সম্পূর্ণ বিনামূল্যে দোকান পরিচালনার স্থান বরাদ্দ দেবে শহর কর্তৃপক্ষ। মেয়র প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্কের প্রায় এক-পঞ্চমাংশ বাসিন্দা বর্তমানে খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছেন। যেসব বরোতে মানসম্মত ও পুষ্টিকর খাবারের সহজলভ্যতা কম, মূলত সেসব অঞ্চলের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পাতে সাশ্রয়ী দামে খাবার পৌঁছে দেওয়াই মামদানি প্রশাসনের মূল উদ্দেশ্য।
এদিকে উদ্যোগটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক আশা জাগালেও স্থানীয় ক্ষুদ্র মুদি ব্যবসায়ীদের মাঝে নতুন উদ্বেগ তৈরি করেছে। সাধারণ ব্যবসায়ীদের আশঙ্কা, সরকারি বিশাল ভর্তুকি ও বিনা ভাড়ায় চালিত এসব সরকারি মেগা দোকানের সাথে ছোট ছোট বেসরকারী দোকানগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এছাড়া কর্মচারীদের বেতন এবং পণ্যের এই মূল্যছাড়ের ভর্তুকি দীর্ঘমেয়াদে কীভাবে সমন্বিত হবে—তা নিয়ে প্রশ্ন তুলছেন দেশটির অর্থনীতিবিদরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তি নিরসন করে নিউইয়র্ক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এসব সরকারি দোকানে পণ্য কেনাকাটা করতে সাধারণ মানুষের কোনো ধরনের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হবে না। মামদানির এই ঐতিহাসিক পরিকল্পনা অনুযায়ী ২০২৯ সালের মধ্যে পাঁচটি বরোর সব কটি দোকান পুরোপুরি চালু করার কড়া নির্দেশ রয়েছে।
