নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভবন ও দোকান দখল এবং ব্যবসায়ীকে হত্যা করে লাশ গুম করার হুমকির অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন এবং তাঁর ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত রবিবার (২৩ আগস্ট, ২০২৬) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার বাসিন্দা ও আজিজ কমপ্লেক্সের মালিক আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, ২০০৬-২০০৭ সালের দিকে কেনা জমিতে বাদী একটি চারতলা ভবন নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে কিছু দিন ধরে অভিযুক্ত আরমান উদ্দিনের নেতৃত্বে তাঁর ভাই ও সহযোগীরা ভিন্ন এলাকা থেকে এসে বসবাস করার অজুহাতে ২০ লাখ টাকা চাঁদা দাবি আসছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ এপ্রিল গভীর রাতে ফোন করে চাঁদা না দিলে ভবন দখলের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ওই রাতেই আসামিরা ভবনের নিচতলার একটি আলমারির দোকানের তালা ভেঙে ভিতরে থাকা প্রায় ১১ লাখ ৫৮ হাজার টাকার মালামাল এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এরপর দোকানে নতুন তালা ঝুলিয়ে দিয়ে অন্যান্য ভাড়াটিয়াদের তাঁদের কাছেই ভাড়া হস্তান্তরের নির্দেশ দেয় আসামিরা।
ভুক্তভোগী প্রবাসী বাদী দেশে ফিরে গত ২০ আগস্ট বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করলে আসামিরা পুনরায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে জানে মেরে লাশ গুম করার হুমকি দেয়। প্রথমে লোহাগাড়া থানা পুলিশ অভিযোগ নিয়েও মামলা দায়ের না করায় তিনি আদালতের আশ্রয় নিতে বাধ্য হন। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
