ফোরটিন ডেস্ক : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ফ্যামিলি বেইজড গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় থাকা হাজার হাজার বাংলাদেশি পরিবার ও আবেদনকারীদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। সংস্থাটির প্রকাশিত সেপ্টেম্বর ২০২৬ সালের নতুন ভিসা বুলেটিনে দেখা গেছে, আগস্ট মাসের তুলনায় এবার বিভিন্ন ফ্যামিলি ক্যাটাগরিতে ফাইনাল অ্যাকশন ডেট বা অগ্রাধিকারের তারিখ এক থেকে প্রায় আড়াই বছর পর্যন্ত এগিয়ে গেছে।
মার্কিন ভিসা বুলেটিনে বাংলাদেশের নাম আলাদাভাবে না থাকলেও ‘অল চার্জেবিলিটি এরিয়াস’ কলামের আওতায় এই অভাবনীয় অগ্রগতির সুফল সরাসরি পাবেন বাংলাদেশি আবেদনকারীরা। নতুন বুলেটিন অনুযায়ী, মার্কিন নাগরিকদের ২১ বছর বা তার চেয়ে বেশি বয়সী অবিবাহিত সন্তানদের ‘এফ ১’ ক্যাটাগরি প্রায় ১৩ মাস এগিয়ে ২০২০ সালের ২২ জানুয়ারিতে এসে পৌঁছেছে।
সবচেয়ে বড় চমক দেখা গেছে মার্কিন নাগরিকদের বিবাহিত ছেলে-মেয়েদের জন্য নির্ধারিত ‘এফ ৩’ ক্যাটাগরিতে। মাত্র এক মাসের ব্যবধানে এই ক্যাটাগরি এক লাফে প্রায় দুই বছর পাঁচ মাস এগিয়ে ২০১৪ সালের ২২ অক্টোবর হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভাইবোনদের বহুল কাঙ্ক্ষিত ‘এফ ৪’ ক্যাটাগরি দুই বছর এক মাসেরও বেশি এগিয়ে ২০১১ সালের ২২ অক্টোবরে গিয়ে অবস্থান করছে। অন্যদিকে গ্রিন কার্ডধারীদের ২১ বছরের বেশি বয়সী অবিবাহিত সন্তানদের ‘এফ ২বি’ ক্যাটাগরি ১৯ মাসের বেশি এগিয়ে ২০১৯ সালের ২২ আগস্ট স্পর্শ করেছে।
বিশ্বব্যাপী অভিবাসন প্রক্রিয়ার বিচারে এই বুলেটিনে বাংলাদেশ ও চীনের আবেদনকারীরা সবচেয়ে বেশি সুবিধা ও অগ্রগতি লাভ করেছেন। একই ক্যাটাগরিতে প্রতিবেশী দেশ ভারত অনেক ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে প্রায় পাঁচ বছর পিছিয়ে রয়েছে। যদিও এই অভাবনীয় অগ্রগতির পরও ‘এফ ৪’ কিংবা ‘এফ ৩’ ক্যাটাগরির মতো দীর্ঘমেয়াদী লাইনে থাকা স্বজনদের এখনও কয়েক বছরের অপেক্ষা পুষতে হবে, তবুও নতুন এই কাট-অফ ডেট প্রবাসীদের মনে বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।
