ফোরটিন ডেস্ক : আমেরিকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা ও সামাজিক প্রভাব। পিউ রিসার্চ সেন্টারের ২০২১ থেকে ২০২৩ সালের সর্বশেষ আমেরিকান কমিউনিটি সার্ভে বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কেবল বাংলাদেশি পরিচয়ে বসবাসকারী মানুষের সংখ্যা বর্তমানে প্রায় ২ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। যা ২০০ সালে ছিল মাত্র ৪০ হাজার। অর্থাৎ দুই দশকের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের উপস্থিতি প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে।
কমিউনিটির এই বিপুল জনসংখ্যার সবচেয়ে বড় অংশের বসবাস নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী মোট বাংলাদেশির প্রায় ৪৪ শতাংশই এই এক স্টেটে বাস করেন, যার সংখ্যা প্রায় ১ লাখ ১৫ হাজার। নিউইয়র্ক সিটি ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে বাংলাদেশি রেস্তোরাঁ, গ্রোসারি, ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন। ফলে বাংলাদেশি সংস্কৃতির এক বিশাল প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই নিউইয়র্ক।
নিউইয়র্কের পরেই শক্তিশালী অবস্থানে রয়েছে মিশিগান। প্রায় ২০ হাজার বাংলাদেশি সেখানে বসবাস করছেন, যার বড় অংশই ডেট্রয়েট মহানগর এলাকায় সংহত হয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে ক্যালিফোর্নিয়া, যেখানে বসবাস করেন প্রায় ১৮ হাজার বাংলাদেশি। বিশেষ করে শিক্ষা, প্রযুক্তি শিল্প এবং লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও সান হোসের পেশাজীবী খাতে এদের উপস্থিতি নজরকাড়া।
এছাড়া তালিকার চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে টেক্সাস ও নিউ জার্সি। টেক্সাসে প্রায় ১৭ হাজার বাংলাদেশি হিউস্টন, ডালাস ও অস্টিনের মতো প্রধান বাণিজ্যিক শহরগুলোতে ব্যবসা ও চাকরির মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। অন্যদিকে নিউইয়র্ক মহানগরীর কাছাকাছি সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের কারণে নিউ জার্সিতে গড়ে উঠেছে প্রায় ১২ হাজার প্রবাসীর স্থায়ী নিবাস। দিন যত যাচ্ছে প্রবাসীদের এই সামাজিক ও অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী হচ্ছে।
