ফোরটিন ডেস্ক : আটলান্টা থেকে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে অবতরণের ঠিক আগে ল্যাপটপের ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে পুরো কেবিন ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং চার থেকে পাঁচজন যাত্রী দগ্ধ হন। গত শুক্রবার রাতে বিমানটি ডালাস-ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অত্যন্ত জরুরি পরিস্থিতিতে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
ঘটনাটি ঘটে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ২৩৯৮-এ, যাতে ১৩৩ জন যাত্রী ও ক্রু সদস্য উপস্থিত ছিলেন। আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমানটি যখন ডালাসে নামার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পেছনের কেবিনে আগুন ধরে যায়। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে পাইলট তৎক্ষণাৎ ক্যান্ট্রোল টাওয়ারকে আগুন লাগার খবর জানান এবং কেবিনের যাত্রী আহত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেন।
পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্টদের দূরদর্শিতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ক্রু সদস্যরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ক্ষতিগ্রস্ত ল্যাপটপটিকে একটি বিশেষ থার্মাল কনটেইনমেন্ট ব্যাগে আটকে ফেলেন। বিমানটি গেটে পৌঁছানোর সাথে সাথেই জরুরি চিকিৎসাকর্মীরা যাত্রীদের চিকিৎসা দেন। সৌভাগ্যবশত আঘাত মারাত্মক না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিশ্চিত করেছে যে, ল্যাপটপের লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। লিথিয়াম ব্যাটারির কোনো ক্ষতি হলে, পানি লাগলে কিংবা অতিরিক্ত চার্জ দিলে এ ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে এফএএ সতর্ক করেছে। বিমান পরিবহন খাত ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে।
