ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের জটিল ইমিগ্রেশন ব্যবস্থা ও আবেদনকারীদের পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও নিখুঁত, গতিশীল এবং জালিয়াতিমুক্ত করতে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ের একটি মেগা প্রযুক্তি প্রকল্প হাতে নিয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। মূলত জাল নথিপত্র তৈরি বন্ধ এবং জালিয়াতি প্রতিরোধেই এ বিশাল বিনিয়োগ করা হচ্ছে।
‘ইমিগ্রেশন বায়োমেট্রিকস অ্যান্ড আইডেন্টিটি সার্ভিসেস’ বা আইবিআইএস (IBIS) নামের এই সর্বাধুনিক প্রকল্পের মূল ভিত্তি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, ক্লাউড অ্যাপ্লিকেশন এবং উন্নত ডেটা অ্যানালিটিকস। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS)-এর পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ অর্থবছরের মধ্যে এই প্রকল্পের চুক্তি চূড়ান্ত করা হবে এবং এর কার্যকারিতা থাকবে ২০৩২ সালের জুনে পর্যন্ত।
এই ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো ‘এনটিটি রেজোলিউশন’ প্রযুক্তি। এই প্রযুক্তির কারণে আবেদনকারীর নামের বানান, জন্মতারিখ বা অন্যান্য তথ্যে ভুলভ্রান্তি কিংবা অসঙ্গতি থাকলেও সরকারি ডেটাবেজ বিশ্লেষণ করে আসল ব্যক্তিকে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি দূর থেকেই ফেসিয়াল রিকগনিশন, বারকোড এবং অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনের (OCR) মাধ্যমে আবেদনকারীদের কাগজপত্র যাচাই করতে আরও একটি বাণিজ্যিক সফটওয়্যার যুক্ত করা হচ্ছে।
আমেরিকান ইমিগ্রেশন ব্যবস্থাকে ম্যানুয়াল বা কাগজভিত্তিক প্রক্রিয়া থেকে ধাপে ধাপে শতভাগ ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যাওয়াই ইউএসসিআইএসের মূল লক্ষ্য। নতুন এই প্রযুক্তি চালু হলে বছরে প্রায় ৬০ লাখ অভিবাসনপ্রার্থী ও তাদের ভিসা সংক্রান্ত আবেদন সরাসরি প্রভাবিত হবে। একদিকে যেমন ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন দ্রুততর হবে, তেমনি ভুল তথ্য দিয়ে মার্কিন ভিসা বা কাজের অনুমতি হাতিয়ে নেওয়ার পথ চিরতরে বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞরা।
