ফোরটিন ডেস্ক : বর্তমান সরকার গত ছয় মাসে দেশের মানুষের জন্য দেওয়া একটি প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি বলে কড়া মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “ছয় মাস পার হয়ে গেছে, এখন পুরো দেশই সরকারের সমালোচনা শুরু করবে। সরকারের এই ছয় মাসের ‘হানিমুন পিরিয়ড’ কি ছয় বছর ধরে চলবে? ছয় মাসে একটা শিশু হামাগুড়ি দিয়ে দাঁড়াতে শেখে, অথচ সরকার যদি একচুলও নড়তে না পারে, তবে পাঁচ বছর সময় তারা কীভাবে পার করবে?”
আজ শনিবার (২২ আগস্ট, ২০২৬) রাজধানীর মিরপুরে বিদ্যুৎ, গ্যাস ও তীব্র জ্বালানি সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমালোচনা করে মান্না বলেন, সরকার মাত্র সাত দিনে বিদ্যুৎ সংকট নিরসনের স্বপ্ন দেখালেও গত দুই মাসে কোনো সুরাহা করতে পারেনি। গণঅভ্যুত্থানের পর দেশে সত্যিকার গণতন্ত্র এসেছে কি না—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, “শুধু কথা বলতে পারাই কি গণতন্ত্র? বর্তমানে অধিকাংশ টেলিভিশন চ্যানেল একটি বিশেষ রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে গেছে, আর বাকিরা শঙ্কা নিয়ে পথ চলছে। এটি কোনো সুস্থ গণতন্ত্রের লক্ষণ হতে পারে না।”
সরকারের উন্নয়ন দর্শনের কড়া সমালোচনা করে তিনি বলেন, কেবল বড় বড় অট্টালিকা ও স্থাপনা বানানো উন্নয়ন নয়; দেশের দরিদ্র মানুষের কর্মসংস্থান ও দারিদ্র্য দূর করাই আসল উন্নয়ন। ২০৩১ সালের মধ্যে এক কোটি মানুষের চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, গত ছয় মাসে সেটির কোনো কার্যকর সূচনা হয়নি বলেও তিনি অভিযোগ তোলেন।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রতিটি বাসাবাড়িতে সরকারি খরচে সোলার প্যানেল স্থাপনের সুনির্দিষ্ট প্রস্তাব দেন মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে সরকারি ব্যাংক থেকে প্রতিদিন অতিরিক্ত টাকা তোলার সমালোচনা করে প্রশাসন ও সরকারের সব স্তর থেকে দুর্নীতি বন্ধের জোর দাবি জানান তিনি।
