ফোরটিন ডেস্ক : আলোচিত চরমোনাইপন্থী ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাঁর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত বাদী হয়ে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় এ মামলাটি করেন। আদালত নালিশি বিষয়টি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সরাসরি সমন জারির আদেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৮ নম্বর কোর্টে এই মামলা দায়ের করা হয়। এটি বর্তমানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বিচারাধীন রয়েছে। বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইবরাহিম খলিল তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজ মাহফিলের বক্তব্য দেখে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে শরিয়াহ অনুযায়ী হাবিবুর রহমান মিসবাহর সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। পরবর্তীতে তাঁদের দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফ্রাদ মিসবাহ’ নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। বাদীর অভিযোগ, বিয়ের সময় মিসবাহ তাঁর পূর্বের চারটি বিয়ের তথ্য সম্পূর্ণ গোপন রেখেছিলেন। পরে হুমায়রা জানতে পারেন, তিনি ছাড়াও মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন, যার কোনোটিই যথাযথ কাবিননামা বা নিবন্ধন মারফত করা হয়নি।
যাত্রাবাড়ী থানায় প্রাথমিকভাবে মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে যাওয়ার পরামর্শ দিলে ভুক্তভোগী নারী সিএমএম আদালতে উপস্থিত হয়ে এই মামলা ঠুকে দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, হাবিবুর রহমান মিসবাহ নিজেকে ধর্মীয় বক্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে বড় অঙ্কের সম্মানী পান এবং সে পরিচিতিকে কাজে লাগিয়ে নারীদের আকৃষ্ট করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আইনজীবী আরও বলেন, যৌতুকের দাবির পাশাপাশি কাবিনহীন বিয়ে ও সন্তান লালন-পালনের বিষয়টিও নথিতে এসেছে। ভুক্তভোগী পরিবার ও আইনজীবীরা পরবর্তীতে অন্যান্য অভিযোগেও নতুন করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। আগামী ধার্য তারিখে আসামি আদালতে হাজির হওয়ার পর এই বিষয়ে তাঁর লিখিত বক্তব্য পাওয়া যাবে।
