নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৬) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যা (২৬), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার লঙ্কারচর এলাকার সৈকত চন্দ্র (২৬) ও একই গ্রামের নাসির মোল্যা (৩৬)।
মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ালেখা করত। মোবাইল ফোনের মাধ্যমে ১ নম্বর আসামি নাসির মোল্যার সঙ্গে তার পরিচয় হয়। ২০২০ সালের ২৮ জানুয়ারি রাতে আসামি নাসির দেখা করার কথা বলে ওই ছাত্রীকে বাড়ির কাছে একটি বাগানে ডাকে। ছাত্রীটি সেখানে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে মধুমতি নদীর চরে একটি নৌকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও ও ছবি ধারণ করে। পরে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে বাড়ির কাছে ফেলে পালিয়ে যায় আসামিরা।
ঘটনার পরদিন অর্থাৎ ২০২০ সালের ২৯ জানুয়ারি ভুক্তভোগীর পরিবার বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে আদালত এই রায় প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, এই দৃষ্টান্তমূলক শাস্তির ফলে সমাজে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ কমে আসবে।
