নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক হঠাৎ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৭ আগস্ট, ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনের অংশ দখল করে অবস্থানে নেন সংগঠনটির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী একত্রিত হয়ে মহাসড়কে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন আক্রমণাত্মক স্লোগান দেন। একপর্যায়ে আন্দোলনকারীরা ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে প্রায় ৫ থেকে ৭ মিনিট সব ধরনের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে কিছুক্ষণ অবস্থানের পরেই পুলিশ আসার আগেই মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে আগুন সরিয়ে ফেলা হলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, “সংবাদ পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা স্থান ত্যাগ করায় তাদের ধরা সম্ভব হয়নি। এই অরাজকতায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।”
