নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে এক মধ্যপ্রাচ্য প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে তাঁর বাসভবন লক্ষ্য করে প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। “এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাও, না হলে যেখানে পাব সেখানে গুলি করা হবে” এমন ভয়াবহ অডিও মেসেজে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
সোমবার (১০ আগস্ট, ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে মুরাদপুরের হামজারবাগ লেনের ৫ নম্বর রোডে অবস্থিত ‘রুনা টাওয়ার’ নামের বাসভবনটিতে এই হামলার ঘটনা ঘটে। বাসভবনটির মালিক হাজী ইউসুফের ছেলে প্রবাসী মো. শওকতকে সম্প্রতি একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে অডিও বার্তা পাঠিয়ে এই চাঁদা দাবি করা হয়েছিল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার (ডিসি) হাসান মোস্তফা স্বপন নিশ্চিত করেছেন, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং গেটের সিসিটিভি ক্যামেরাটি অচল ছিল। এই সুযোগে ২৫-৩০ বছর বয়সী দুজন যুবক দারোয়ানকে বাড়ির মালিকের কথা জিজ্ঞেস করার পরপরই ভবনের মূল ফটক লক্ষ্য করে পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি ছুঁড়ে হেঁটে সটকে পড়ে।
হামলার আগে পাঠানো অডিও বার্তায় ওই দুর্বৃত্ত হুমকি দিয়ে বলে, “শওকত ভাই, তোমার ফুল ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, বোনের বাসা, কোনটার কাজ চলছে, ছেলে-মেয়ে কোথায় পড়ে সব বড় ভাইয়ের কাছে আছে। ৫০ লাখ টাকা দিলে সেইফে থাকবা, না হলে বাবা-ভাই আর সন্তানদের ওপর হামলা হবে। ১ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাও, নইলে খেলা শুরু হবে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রামে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ডেভিড ইমনের মতো বড় সাজ্জাদ গ্রুপের পলাতক শুটাররাই আবার নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। কিছুদিন আগেই বাকলিয়া এক্সেস রোডে ডিডিএন ইন্টারনেটের অফিসে হামলার ঘটনাতেও এই চক্র যুক্ত ছিল। এমনকি চকবাজারে ব্যবসায়ী গ্রুপের বাড়িতে ১০ কোটি টাকার চাঁদার দাবিতে দুই দফা হামলার সাথেও এই বড় সাজ্জাদ বাহিনীর নাম উঠে এসেছিল।
পুলিশ কর্মকর্তা হাসান মোস্তফা স্বপন জানিয়েছেন, গুলির ধরন ও যোগাযোগের ভাষা দেখে প্রাথমিকভাবে এটি আন্তর্জাতিক ইন্টারপোল তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড-ইন-কমান্ডের অনুসারীদের কাজ বলে সন্দেহ করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে সিএমপি।
