নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে জমি ও গোচারণভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা নান্টু সরকারের নেতৃত্বে মোসলেম উদ্দিন প্রামাণিক (৬২) নামের এক প্রবীণ আওয়ামী লীগ নেতাকে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাকুরিয়া চরের নান্টুর মোড় বাজার এলাকায় তাঁর ওপর এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
নিহত মোসলেম উদ্দিন সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাটুয়ার চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে এবং কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাটুয়ার চর গ্রামের দুদু সরকারের ছেলে ও ওয়ার্ড যুবদল সদস্য নান্টু সরকারের সঙ্গে জমি ও গোচারণভূমি বেচাকেনা নিয়ে মোসলেম উদ্দিনের দীর্ঘদিনের শত্রুতা চলে আসছিল। নিহতের স্বজনদের অভিযোগ, সোমবার রাতে নান্টুর মোড় বাজার থেকে চা পান শেষে বাড়ি ফেরার পথে যুবদল নেতা নান্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার রড ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে মোসলেম উদ্দিনের পথরোধ করে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এবং মারাত্মক জখম করে ফেলে রেখে যায়।
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়। নিহতের ছেলে নাহিদ হাসান অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরেই যুবদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে তাঁর বাবাকে নির্মমভাবে হত্যা করেছে।
হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে অভিযুক্ত যুবদল নেতা নান্টু সরকারসহ তাঁর সহযোগীরা আত্মগোপনে রয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.খ.ম. আসাদুজ্জামান জানান, হত্যাকাণ্ডের বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনি আওতায় আনা হবে।
