ফোরটিন ডেস্ক : বাংলাদেশ সরকারের পটপরিবর্তন ও ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্য কোনো অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের দিল্লিতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট ভার্চুয়ালি একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, এই আয়োজন থেকেই তিনি তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের রূপরেখা প্রকাশ করবেন।
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম সংগঠন ‘দ্য ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়া’ (FCC South Asia) এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। ভারতের স্থানীয় সময় ৫ আগস্ট ২০২৬ (সোমবার) বিকেল ৬টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত ক্লাব প্রাঙ্গণের ‘স্যার মার্ক টালি অডিটোরিয়াম’-এ মূল অনুষ্ঠানটি পরিচালিত হবে। একই সাথে এটি ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে।
যোগ দেবেন জয় ও সাবেক মন্ত্রীরা: এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে কেবল শেখ হাসিনাই নন, তার সাথে প্যানেল বক্তা হিসেবে অংশ নেবেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তি। অতিথিদের তালিকায় রয়েছেন শেখ হাসিনার পুত্র ও সাবেক তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ’-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।
এছাড়া প্যানেলে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক বিশ্লেষক আবু ওবাইদা আরিন এবং সংগঠনটির ইউএসএ শাখার পরিচালক শাহ মো. বখতিয়ার। আন্তর্জাতিক প্রেস ক্লাব অ্যাসোসিয়েশন (IAPC) এবং এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন।
