নিজস্ব প্রতিবেদন : ঢাকার আশুলিয়ায় এক জিম্মিকে উদ্ধার করতে গিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত শুটার বাপ্পির হামলার মুখে পড়েছে পুলিশ। সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই হাতে দুটি পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে এলাকা ছেড়ে পালিয়ে যায় এই সন্ত্রাসী।
আজ শনিবার (২৫ জুলাই, ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এই থমথমে ও রোমহর্ষক গুলির ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীফ মার্কেটের পঞ্চম তলায় শরীফ নামের এক ব্যক্তির বাসায় একদল সশস্ত্র অপরাধী অবস্থান নিয়ে শরীফ চৌধুরীর ম্যানেজারকে জিম্মি করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির ১০-১২ জনের একটি চৌকস দল সেখানে উদ্ধার অভিযানে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়েই বাসার ভেতরে থাকা চিহ্নিত সন্ত্রাসী শুটার বাপ্পি দুহাতে দুটি পিস্তল উঁচিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। একপর্যায়ে গুলির ধোঁয়া ও আতঙ্কের সুযোগ নিয়ে সে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত না হলেও ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া প্রায় ৭ থেকে ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার্থে তারা ৪ থেকে ৫ রাউন্ড পাল্টা গুলি ছুড়েছিল।
প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ধর্ষ বাপ্পি কিংবা তার সহযোগীদের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। জামগড়া এলাকার ওই পুরো ভবনটি বর্তমানে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।
আশুলিয়া থানার এসআই রাশেদুজ্জামান জানান, “পলাতক শুটার বাপ্পী ও তার সহযোগীদের গ্রেপ্তারসহ অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি চিরুনি অভিযান জোরদার করা হয়েছে। বর্তমানে পুরো বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।”
