নিজস্ব প্রতিবেদক, টেক্সাস: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেক্সাস স্টেট আওয়ামী লীগের উদ্যোগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত মহারাজা হালাল রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র যুবলীগ নাদিম ভূঁইয়া অপু, এবং ডাকসুর সাবেক নেত্রী নাহিদা নাসের ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিসুর রহমান, সভাপতি, টেক্সাস স্টেট আওয়ামী লীগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুলফিকার কার্নি, সাধারণ সম্পাদক, টেক্সাস স্টেট আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ মনোয়ার রেশাদ তার বক্তৃতায় বলেন আওয়ামীলীগ হচ্ছে একটা দেশের অস্তিত্ব আর এটিই পরিচয়। সুতরাং আওয়ামীলীগকে দাবানো যাবে না। আওয়ামীলীগ নিজের স্বকীয়তার মাধ্যমেই ফিরবে।
বক্তারা আওয়ামী লীগের ৭৭ বছরের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দলটির অবদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তারা দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান এবং প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে টেক্সাসের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
