মো. আসাদুল আলম, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুই সদস্যকে সাভারের একটি কথিত মাদক স্পট এলাকা থেকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
আটক দুইজন হলেন বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মির্জা আবু বকর সিদ্দিক (সোহাগ) এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. আবেশ আল মুবিন।
তারা দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, সাভারের নামা বাজার এলাকার একটি মাদক স্পট হিসেবে পরিচিত স্থান থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “তাদের আটক করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “আটকের বিষয়ে আমি এখনো পুরোপুরি নিশ্চিত নই। থানার ওসি এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারব।”
তবে আটক দুই শিক্ষার্থীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ।
