নিজস্ব প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন ও কঠোর সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। কোনও বিদেশি দর্শনার্থী যদি দেশটির করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। এই নিয়ম অমান্যকারীদের জন্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশ পথ বন্ধ হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্ট জানিয়েছে, অনভিবাসী ভিসাধারীরা সরকারি সুবিধার অপব্যবহার করলে বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাঁদের ভিসা বাতিল করা হতে পারে। শুধু তাই নয়, এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও সম্পূর্ণ অযোগ্য বিবেচিত হতে পারেন।
উদ্ভূত পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে প্রত্যেক দর্শনার্থীকে নিজস্ব ভ্রমণ ও জীবনযাপনের ব্যয় বহনের সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। ভ্রমণকালীন সময়ে কোনও ধরনের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না হয়ে, নিজের খরচ নিজে বহনের জন্য পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিয়ে যাওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
