মো. আসাদুল আলম ,জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুটবল বিশ্বকাপ–২০২৬ উপলক্ষে আয়োজিত ম্যাচ প্রদর্শনকে কেন্দ্র করে সংঘটিত মারধরের অভিযোগের ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অপর শিক্ষার্থীর ওপর ক্যাম্পাস ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়, গত ২২ জুন ২০২৬ বিশ্বকাপ–২০২৬ এর আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ প্রদর্শনের সময় সংঘটিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত ও প্রশাসনিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, মো. আসাদুজ্জামান, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮–১৯) শিক্ষার্থী এবং নবাব সিরাজউদ্দৌলা হলের আবাসিক শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ এর ৪(১)(খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ কার্যকর থাকা অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।
এছাড়া শাহানুর রহমান, দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮–১৯) শিক্ষার্থী এবং মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে তথ্য চলাচলজনিত নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি হলে ও ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
