নিজস্ব প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেওয়ার জেরে মাহাবুব ঢ়াড়ী বাবু (২৬) নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন সকালে মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মাহাবুব ঢ়াড়ী সেই মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
মিছিলে অংশগ্রহণের জের ধরে ক্ষুব্ধ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা দিনভর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে দফায় দফায় হামলা চালায়। এই ঘটনার পর পুলিশ উল্টো অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
ঐ দিন সন্ধ্যায় সাদেকপুর এলাকার যুবদলের একদল সশস্ত্র সন্ত্রাসী চুনারচরের আখতার পোদ্দারের দোকানের পাশে মাহাবুবকে একা পেয়ে অতর্কিতে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে মাহাবুবকে উপর্যুপরি পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও আহত করে ফেলে রেখে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় মাহাবুবকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বরিশাল হাসপাতালের চিকিৎসকরা মাহাবুবের শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই ছাত্রলীগ কর্মী।
স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবি, এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার পর থেকে পুরো মেহেন্দিগঞ্জ উপজেলায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
