নিজস্ব প্রতিবেদক: চুরির অভিযোগে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে এবং বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাইস্কুলের গেটের ভেতরে এই নৃশংস ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির অভিযোগে অজ্ঞাতপরিচয় ওই যুবককে প্রথমে আটকে রেখে প্রচণ্ড মারধর করা হয়। নির্যাতনের একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
হত্যাকাণ্ডের খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে এবং পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, যুবকের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
