নিজস্ব প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সংসদ সদস্যদের (এমপি) মধ্যে অন্তত ৬ জনই বিভিন্নভাবে গুপ্ত সংগঠন শিবিরের সাথে যুক্ত ছিলেন বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন আব্দুল্লাহ হিল বাকী।
শনিবার দিবাগত রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই এমপিরা আগে বা পরে সাংগঠনিকভাবে কিংবা কোচিং শিক্ষক হিসেবে নানান উপায়ে শিবিরের সাথে সংযুক্ত ছিলেন।
আব্দুল্লাহ হিল বাকী তার পোস্টে উল্লেখ করেন, বর্তমানে হয়তো তাদের পথ, মত ও চিন্তাধারা পরিবর্তন হয়ে গেছে, তাই এসব অতীত নিয়ে এখন অতিরঞ্জন বা নাক সিঁটকানোর কিছু নেই।
তিনি আরও বলেন, এনসিপিতে কিছুদিন পরপরই কে সাবেক শিবির আর কে নয়, তা নিয়ে এক ধরনের বাটখারা বসানোর অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি করা হয়।
তার মতে, কেউ শিবির বা জামায়াতের রাজনীতি করবে না বলেই এনসিপিতে এসেছে এবং এই সিদ্ধান্তকে দলটির ইতিবাচকভাবে ও সানন্দেই গ্রহণ করা উচিত।
এনসিপির রাজনৈতিক আদর্শ তুলে ধরে বাকী দাবি করেন, এটি একটি সেক্যুলার ও মধ্যপন্থি রাজনৈতিক দল এবং এই লাইনের রাজনীতি ধারণ করেই পার্টি গঠিত হয়েছে, তবে ভবিষ্যৎ কোন দিকে যাবে তা আগে থেকে বলা সম্ভব নয়।
