নিজস্ব প্রতিনিধি : পাঁচ বছর বয়সি এক কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটককৃত মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির পরিবার ওই মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া থাকে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ জুন শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশালের একটি গ্রামের মসজিদে এই জঘন্যতম ধর্ষণের ঘটনাটি ঘটে। শিশুটি গত তিন মাস ধরে ওই মসজিদে মাওলানা শাহিনুরের কাছে নিয়মিত পড়তে যাচ্ছিল।
শনিবার পড়া শেষ হওয়ার নির্ধারিত সময় পার হলেও ছুটি না হওয়ায় শিশুটির মা তাকে নিয়ে আসতে মসজিদে যান। সেখানে গিয়ে তিনি ইমামের থাকার জায়গায় নিজের সন্তানসহ ইমামকে আপত্তিকর ও নগ্ন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।
তার চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে ইমামকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। এরপর তাকে জুতার মালা পরিয়ে আটকে রেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নিয়ে যায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, খবর পেয়ে ইমামকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
পুলিশ আরও জানিয়েছে, ভুক্তভোগী শিশুটিকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
নিপীড়নের শিকার শিশুটির মা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে হুজুর আমার নিষ্পাপ মেয়ের সাথে এমন জঘন্য কাজ করেছে, আমি সমাজ ও আদালতের কাছে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি দাবি করছি।
