নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় একজন বিসিএস ক্যাডার তথা সরকারি সহকারী কমিশনার (ভূমি-এসিল্যান্ড) ও তাঁর বন্ধুবান্ধবসহ ছয়জন গুরুতর জখম এবং বিপুল অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার চরম শঙ্কা তৈরি হয়েছে। এই বর্বরোচিত ঘটনাটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। সচেতন মহলের স্পষ্ট প্রশ্ন—যেখানে খোদ রাষ্ট্রের একজন প্রথম শ্রেণীর গেজেটেড সরকারি কর্মকর্তাই নিজ বাড়ির সামনে নিরাপদ নন, সেখানে দেশের কোটি কোটি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেবে কে?
গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী–আতাদী এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধন্দী গ্রামে নিজ বাড়িতে এসেছিলেন। গতকাল রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে তিনি তাঁর কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের রাস্তার ধারে বসেছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত সশস্ত্র ডাকাত দল হঠাৎ তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।
ডাকাতদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে এসিল্যান্ড সাকিব হাছান খাঁন, তাঁর বন্ধু মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) ও মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩) রক্তাক্ত ও গুরুতর জখম হন। তাঁদের চিৎকারে গ্রামের মানুষ ছুটে এলে ডাকাত দল পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ধন্দী গ্রামে এই রক্তক্ষয়ী তাণ্ডব চালানোর মাত্র এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামের এক প্রবাসীর বাড়িতে হানা দেয়। সেখানে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। নাগরিক সমাজের একাংশের দাবি, ৫ আগস্টের পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় এবং মানুষের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের আইনশৃঙ্খলার এই নজিরবিহীন ধস প্রমাণ করে যে, অপরাধীদের মনে প্রশাসনের কোনো ভয় নেই। সাধারণ মানুষের প্রশ্ন, বিদ্যুৎ সংকটের কারণে মানুষ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না, আর বাইরে বের হলে ডাকাতের কোপের শিকার হতে হচ্ছে—এই নৈরাজ্যকর পরিস্থিতি কি সরকারের চরম ব্যর্থতা নয়?
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। অন্যদিকে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান জানান, বুকে গুরুতর আঘাত পাওয়া এসিল্যান্ড সাকিব হাছান খাঁন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
জনসাধারণের দাবি, অবিলম্বে এই সশস্ত্র ডাকাত চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দেশজুড়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
