ফরিদপুর প্রতিনিধি : আগামী ডিসেম্বর মাসে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৭৫ বর্ষপূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফরিদপুর উচ্চ বিদ্যালয়। এই মেগা উৎসবকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে তিন স্তরবিশিষ্ট শক্তিশালী মূল পর্ষদ ও ১৪টি বিশেষায়িত উপ-পর্ষদ গঠন করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল মিলনায়তনে আয়োজিত ১১তম প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে উৎসব উদযাপন পর্ষদ, উপদেষ্টা পর্ষদ ও সমন্বয়ক পর্ষদ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সৈয়দ আব্দুল আউয়াল নান্না। ৫০টিরও বেশি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই পর্ষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শাব্বির হোসেন মনিকে।
উদযাপন পর্ষদের যুগ্ম আহ্বায়কেরা হচ্ছেন কাজী জোবায়দুল হক টুলু, এস এম শামীম হাসান, সৈয়দ মান্নাফ হোসেন খসরু, মো. আমীর হোসেন সাগর, মাহফুজুর রহমান মবিন, মোস্তফা মাহমুদ আরেফি, মাহবুবুর রহমান সোহেল, অশোকেশ রায়, শোয়েবুল ইসলাম, মো. শেখ আব্দুল জলিল, দিদারুল মাহমুদ খান টিটু, শাহীন হক, উজ্জ্বল হোসেন, মুহাম্মদ শামীম হোসেন, সৈয়দ আলাওল হোসেন তনু ও মো. আবু সাঈদ খান রানা। এছাড়া দুদিনব্যাপী এই উৎসবের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনার জন্য ১৪টি বিশেষায়িত উপ-পর্ষদ গঠন করা হয়েছে।
বিদ্যালয়ের সব প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গঠিত ‘সমন্বয়ক পর্ষদ’-এর প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। অন্যদিকে, ১৯৫৪ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে ৩০টিরও বেশি ব্যাচের প্রবীণ ও বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘উপদেষ্টা পর্ষদ’-এর প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।
সদস্য সচিব সৈয়দ আব্দুল আউয়াল নান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ মান্নাফ হোসেন খসরু বিভিন্ন পর্ষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণাসহ উৎসবের নানামুখী প্রস্তুতির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে এই উৎসবকে ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
