নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে অবরুদ্ধ হওয়ার ঘটনার দীর্ঘ চার বছর পর জান্নাত আরা ঝর্ণার সঙ্গে নিজের বৈবাহিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি এক দীর্ঘ ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন যে জান্নাত আরা ঝর্ণার সঙ্গে তাঁর আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবং তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে গেছে।
মাওলানা মামুনুল হক তাঁর পোস্টে লিখেছেন, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ছয় বছর তাঁদের বিবাহ বন্ধন অটুট ছিল। তবে ২০২১ সালে রয়্যাল রিসোর্টের সেই বহুল আলোচিত ঘটনার পর থেকে তাঁদের দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে মনোমালিন্যের সৃষ্টি হতে থাকে। একপর্যায়ে পরিস্থিতির জটিলতা বিবেচনায় তাঁরা পারস্পরিক আলোচনার ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। বিচ্ছেদের আগ পর্যন্ত এমনকি নিজের দীর্ঘ কারাবাসকালীন সময়েও তিনি জান্নাত আরা ঝর্ণার সব ধরনের ভরণপোষণ এবং শরিয়তসম্মত প্রাপ্য অধিকার নিশ্চিত করেছিলেন বলে দাবি করেন।
