জনপ্রিয় অভিনেতা ও ফুড ভ্লগার আদনান ফারুক হিল্লোল দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড এবং ঐতিহ্যবাহী খাবারের রিভিউ করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয় জগতের পাশাপাশি খাদ্যভিত্তিক কনটেন্ট নির্মাণে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা এই তারকা এবার নিজেই রেস্টুরেন্ট ব্যবসায় পা রেখেছেন। তাঁর নতুন উদ্যোগের নাম N Cafe 365। সাথে আছে তার সহধর্মিণী বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন। নিউইয়র্কের লং আইল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তাদের নতুন উদ্যোগ ‘এন ক্যাফে ৩৬৫ রেস্টুরেন্ট অ্যান্ড বার’। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ইতোমধ্যে ক্যাফেটিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।
প্রায় এক দশক ধরে খাদ্য ও ভ্রমণভিত্তিক ভ্লগিংয়ের মাধ্যমে হিল্লোল বিশ্বের বিভিন্ন দেশের খাবার, রেস্টুরেন্ট সংস্কৃতি এবং খাদ্য অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরছেন। তাঁর জনপ্রিয় ইউটিউব চ্যানেলে বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের খাবার ও রেস্টুরেন্ট নিয়ে শত শত ভিডিও প্রকাশিত হয়েছে।
অভিনেতা হিসেবে সফল ক্যারিয়ারের পাশাপাশি খাদ্যপ্রেমকে পেশায় রূপ দিয়ে হিল্লোল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম পরিচিত ফুড ভ্লগার হিসেবে। খাদ্য পর্যটন এবং রেস্টুরেন্ট রিভিউকে কেন্দ্র করে তাঁর কনটেন্ট বিপুল জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মধ্যে।
অভিনেত্রী ও উপস্থাপিকা থেকে রেস্টুরেন্ট ব্যবসায় কিভাবে আসলেন জানতে চাইলে নওশীন বলেন, হিল্লোল যখন একজন সফল ফুড ভ্লগার হিসেবে দেশ বিদেশ থেকে প্রশংসিত হতে থাকেন তখন থেকেই আমি স্বপ্ন দেখি হিল্লোলের নিজের একটা রেস্টুরেন্ট হবে এবং ওর চেখে দেখা সেরা খাবার পরিবেশন করছে। সেই ভাবনা থেকেই শুরু।
এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি চালু করেছেন N Cafe 365, যেখানে আধুনিক ক্যাফে সংস্কৃতির সঙ্গে মানসম্মত খাবার এবং অতিথিপরায়ণ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন। খাদ্য রিভিউয়ার হিসেবে বছরের পর বছর বিভিন্ন দেশের রেস্টুরেন্ট পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের ফলে নিজের রেস্টুরেন্টে তিনি সেই আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা তুলে ধরতে চান বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খাদ্যপ্রেমীদের জন্য N Cafe 365 কেবল একটি রেস্টুরেন্ট নয়, বরং হিল্লোলের দীর্ঘদিনের খাদ্যভ্রমণ ও অভিজ্ঞতার বাস্তব প্রতিফলন। ভক্ত ও অনুসারীদের প্রত্যাশা, একজন সফল ফুড রিভিউয়ার হিসেবে তিনি রেস্টুরেন্ট ব্যবসাতেও নতুন মানদণ্ড স্থাপন করতে সক্ষম হবেন।
অভিনয়, ভ্রমণ, ফুড ভ্লগিং এবং উদ্যোক্তা জীবন, সব মিলিয়ে আদনান ফারুক হিল্লোলের এই নতুন অধ্যায় ইতোমধ্যেই খাদ্যপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।
