নিজস্ব প্রতিনিধি : গত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময়ে কারাবরণকারী ৬১ জন আইনজীবী তাঁদের কারামুক্তি দিবস উপলক্ষে একত্রিত হয়ে ইউনূসের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার মহানগর দায়রাজজ আদালতের সামনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারী আইনজীবীরা ‘ইউনূসের বিচার চাই’ বলে তীব্র স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কারামুক্ত আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান লিখন। তিনি তাঁর বক্তব্যে আওয়ামীপন্থি আইনজীবীদের তৎকালীন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং আদালত প্রাঙ্গণে মামলা পরিচালনা করতে বাধা দেওয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।
একই সঙ্গে তিনি বিগত সরকারের আমলে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে থাকা আইনজীবীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
উক্ত প্রতিবাদী মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া এবং অ্যাডভোকেট তৌহিদ।
এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুলসহ স্থানীয় আরও অনেক আইনজীবী।
