নিজস্ব প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় মোবাইল ফোন ছিনতাই ঠেকাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন বিলি শ্মিট নামের ২২ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নিহত বিলি পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার ভোর আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ ফিলাডেলফিয়ায় ওই শিক্ষার্থীর পরিবারের নিজ বাড়ির অদূরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার এবং স্থানীয় প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার দিন রাতে বিলি শ্মিট বন্ধুদের সঙ্গে একটি বারে এনবিএ ফাইনাল খেলা দেখছিলেন। খেলা শেষে বাড়ি ফেরার পথে দুই মুখোশধারী ছিনতাইকারী তাঁর পথরোধ করে এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের পর সন্দেহভাজন দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিলি তাদের পিছু নেন। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ছিনতাইকারী মুখোমুখি হওয়ার পর দুজনই দৌড়ে পালাচ্ছিল এবং বিলি অসম সাহসের সঙ্গে তাদের ধাওয়া করছিলেন।
একপর্যায়ে একজন ছিনতাইকারী মোবাইল ফোনটি রাস্তায় ফেলে দিয়ে একটি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই অন্যজন আচমকা ঘুরে দাঁড়িয়ে বিলির বুক লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তেও বিলি চিৎকার করে বলছিলেন, “আমার ফোনটা ফেরত দাও।”
রক্তাক্ত অবস্থায় বিলিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় পেন প্রেসবিটারিয়ান মেডিকেল সেন্টারে (Penn Presbyterian Medical Center) নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ছেলের এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা বিল শ্মিট। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, সে খুব ভালো একজন মানুষ ছিল, কখনও কারও ক্ষতি করেনি। আমি ওই দুই নরপশুকে খুঁজে বের করে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে চাই।
এদিকে বিলির বোন আনা শ্মিট কান্নাজড়িত কণ্ঠে বলেন, কেউ কীভাবে আমার এবং আমার পরিবারের সঙ্গে এমন জঘন্য কাজ করতে পারে, আমি বুঝতে পারছি না। আমি আমার ভাইকে খুব মিস করছি।
পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে বিলির বাবা রাস্তার পাশে একটি গাড়ির নিচে পড়ে থাকা ছেলের মোবাইল ফোনটি খুঁজে পান এবং সেটি পুলিশের কাছে হস্তান্তর করেন। ছিনতাইকারীরা ফোন ফেলে পালালেও শেষ রক্ষা হয়নি বিলির।
এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি স্থানীয় পুলিশ। তবে পুলিশ ও প্রসিকিউটররা আশা করছেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনে থাকা অপরাধীদের ডিএনএ নমুনা সন্দেহভাজনদের দ্রুত শনাক্ত করতে বড় ভূমিকা রাখবে।
ফিলাডেলফিয়ার সহকারী জেলা অ্যাটর্নি বিল ফ্রিটজে সংবাদমাধ্যমকে জানান, তদন্তকারীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং ঘটনাস্থল থেকে সম্ভাব্য সকল আলামত সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
