নিজস্ব প্রতিবেদকঃ নিউ ইয়র্কে বাঙালি মালিকানাধীন বিসমিল্লাহ ফার্মের কোরবানির পশু সরবরাহ ও সেবার প্রতিশ্রুতি নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঈদুল আজহাকে সামনে রেখে আগাম বুকিং নেওয়া হলেও নির্ধারিত সময় অনুযায়ী তথ্য ও সেবাপ্রাপ্তি নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, কোরবানির জন্য অর্থ পরিশোধ ও বুকিং সম্পন্ন করার পরও পশুর অবস্থা, ওজন, ডেলিভারি এবং জবাই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। বারবার যোগাযোগের চেষ্টা করেও সন্তোষজনক জবাব না পাওয়ায় অনেক ক্রেতা উদ্বেগ প্রকাশ করেছেন।
কয়েকজন ক্রেতা জানান, কোরবানির অর্ডার আমরা আগেই করেছি। আমাদের সিডিউল দিয়েও তারা আমাদের কোরবানি করতে পারেনি। তাদের কাছে পর্যাপ্ত গরু নাই। তাহলে অর্ডার নিলো কেন?
খোঁজ নিয়ে জানা যায়, বিসমিল্লাহ ফার্ম তাদের ধারন ক্ষমতার থেকেও বেশী গরুর অর্ডার নেয়। প্রথম দুই দিনেই তাদের সকল গরু শেষ হয়ে যায়। ফলে তৃতীয় দিন যাদের অর্ডার নেওয়া ছিল তাদের কোরবানি হয়নি। সকলেই হতাশ হয়ে ফিরে এসেছে।
অন্যদিকে, বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্ম বিভিন্ন সময়ে কোরবানির পশু বুকিং ও সরবরাহ কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়ে আসছে। ফার্মটি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কোরবানির জন্য গরু ও ছাগলের বুকিং গ্রহণ করে থাকে বলে তাদের প্রচারণায় উল্লেখ রয়েছে।
এ বিষয়ে ফার্ম কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, কোরবানির মতো ধর্মীয় ও গুরুত্বপূর্ণ ইবাদতকে ঘিরে গ্রাহকদের আস্থা বজায় রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো তথ্য প্রদান অত্যন্ত জরুরি।
ঘটনার সত্যতা ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং ফার্মের আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন ক্রেতারা।
