নিজস্ব প্রতিবেদক: হামের টিকা সংকট, শিশু ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশে চলমান মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ‘সিএনএন ভবন’-এর সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের চরম অবহেলায় হামের টিকার অভাবে বাংলাদেশে পাঁচ শতাধিক নিরীহ শিশুর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে, পাশাপাশি দেশে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়া শিশু ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ম্যানহাটনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, শিশুদের জীবন রক্ষায় টিকা ব্যবস্থার ভয়াবহ অব্যবস্থাপনা, শিশু ধর্ষণ ও নির্যাতনের মতো জঘন্য ঘটনাগুলোর বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকারের ব্যর্থতা জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়।
এ সময় বাংলাদেশে শিশু মৃত্যুর ঘটনা, শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করে আন্তর্জাতিকভাবে বিস্তারিত সংবাদ প্রকাশের জন্য সিএনএন-এর প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
