নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের অভিনয়ে এবার যুক্ত হলেন খোদ নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানি। জায়েদ খান অভিনীত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড ২) নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মেয়রের অভিনয়ের বিষয়টি রীতিমতো বড় চমক হিসেবে এসেছে।
জন কবির এবং সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মটি মূলত প্রবাসীদের জীবনের নানা গল্প ও সংকট নিয়ে নির্মিত হয়েছে। আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় এটি একটি বিশেষ মাধ্যমে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে এক সাক্ষাৎকারে জায়েদ খান জানান, নিউ ইয়র্ক সিটির মেয়র সরাসরি তার সঙ্গে এই প্রজেক্টে স্ক্রিন শেয়ার করেছেন। বিশ্বরাজনীতির অন্যতম প্রভাবশালী একজন ব্যক্তির সঙ্গে কাজ করতে পারাটা পুরো বাংলাদেশের জন্য একটি বড় গর্বের বিষয় বলে তিনি মনে করেন।
জানা গেছে, এই বিশেষ প্রজেক্টে নিউ ইয়র্ক সিটির মেয়রকে যুক্ত করার পেছনে মূল ভূমিকা পালন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেন। তাদের পাঠানো ইমেইল এবং জায়েদ খানের কাজের প্রোফাইল পর্যালোচনার পর মেয়রের দপ্তর থেকে শুটিংয়ের জন্য শিডিউল দেওয়া হয়।
মেয়র জোহরান মামদানির কাজের প্রশংসা করে জায়েদ খান বলেন, এত বড় মাপের একজন প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও শুটিংয়ের সময় তিনি অত্যন্ত সাধারণ আচরণ করেছেন। নিখুঁত অভিনয়ের জন্য তিনি বারবার পরিচালকের নির্দেশনা মেনে দৃশ্য ধারণ সম্পন্ন করেছেন।
চলতি বছরের গত মার্চ মাসে ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ সিরিজের প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার মেয়রের উপস্থিতি নিয়ে প্রবাসীদের জীবনের গল্পে তৈরি দ্বিতীয় পর্বটি দর্শকদের সামনে আসছে।
