যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো NYBCL (New York Bangladeshi Cricket League of USA) এর জমজমাট ফার্স্ট ডিভিশন টি-১০ টুর্নামেন্ট। টুর্নামেন্টে নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলের মোট ১০টি দল অংশ নেয়। পুরো আসরজুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ।

ফার্স্ট ডিভিশন টি-১০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাইভালস স্পোর্টিং ক্লাব। ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে তারা শিরোপা নিজেদের করে নেয়। রানার্সআপ হয়েছে লায়ন্স ক্রিকেট ক্লাব। দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উপভোগ্য।
ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাদিকুর সাবিদ। ব্যাট হাতে তার অনবদ্য অবদান দলকে জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে প্রিমিয়ার ডিভিশনের শিরোপা জিতেছে জ্যাকসন হাইটস কিংস একাদশ। প্রতিযোগিতাপূর্ণ ফাইনালে তারা রাজশাহী ট্রুপার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। রানার্সআপ হিসেবে আসর শেষ করে রাজশাহী ট্রুপার্স।
টুর্নামেন্টটি স্পন্সর করেন RANDI B SIEGEL। আয়োজকরা জানান, প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে একত্রিত করা এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক, খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ করা হয়েছে।
